নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলারও আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপূর্ব পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এসআই শফিকুল ইসলাম হত্যা মামলার আসামি হওয়ায় অপূর্ব আত্মগোপনে থেকে সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আলিফ ফকির হত্যা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। এ সময় তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত দল কাজ করছে। অপূর্বর গ্রেপ্তারের মধ্য দিয়ে সাংবাদিক আলিফ ফকির হত্যার তদন্তে নতুন তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।









