রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার জানান, মামলার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের জন্য পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে শিগগিরই তিনি কারামুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেন এই আইনজীবী।
গত ২৯ আগস্ট ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারান রনজিলা পারভিন (৫৬)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি।
পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে স্বামীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন রনজিলা। পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রনজিলার স্বামী আবদুল মতিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।









