নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই উচ্চ বিদ্যালয়ের মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচানাচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
শনিবার (১৭ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান শেষে মাঠে নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে নাচানাচি করতে দেখা যায়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী আনন্দ-উল্লাস করছে। এ সময় নীরব, ইউনুস ও মিতু নামের কয়েকজন শিক্ষার্থী গানের সঙ্গে নাচার সময় হাতে বোতল নিয়ে অভিনয় করে। বোতলের ভেতরে মদের মতো তরল পদার্থ দেখা গেলেও সেটি আসলেই মদ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীকে সাদা গেঞ্জি পরে তাতে বিভিন্ন বাক্য লিখতেও দেখা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুল হক জানান, বৃহস্পতিবার নিয়মিত পাঠদানের শেষ দিনে বিকেল ৪টায় শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৬০ জন। এর মধ্যে ২১ জন ছাত্র ও ৩৯ জন ছাত্রী। শিক্ষার্থীরা আনন্দ করতে গিয়ে এমন কর্মকাণ্ডে জড়িয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি পরে তাঁর নজরে আসে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রী জানান, বোতলের ভেতরে মদ ছিল নাকি অন্য কোনো তরল পদার্থ, তা তাঁরা জানেন না। কাউকে ওই তরল পান করতেও দেখেননি। তবে বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে এভাবে বোতল হাতে নিয়ে নাচানাচি করা ঠিক হয়নি বলে তাঁরা স্বীকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।
বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি জানার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।









