পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে বাংলাদেশের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে মক্কায় ওমরাহ পালনকালে তাঁর মৃত্যু হয়। তিনি বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা।

জহুরা বেওয়া বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী। গত ৭ অক্টোবর ছেলে তহুরুল ইসলামের সঙ্গে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান তিনি। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।

মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলাম জানান, আগামী ২৩ অক্টোবর তাঁদের দেশে ফেরার কথা ছিল। তবে মায়ের মৃত্যুর পর মক্কাতেই তাঁর দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মায়ের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তহুরুল ইসলাম।