হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের ছয়টি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়েছে। কাস্টমস কর্মকর্তাদের প্রাথমিক হিসাবে, এগুলোর মোট ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে মালদ্বীপ থেকে ঢাকায় আসেন মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তল্লাশি চালিয়ে তাদের প্রত্যেকের পায়ুপথ থেকে তিনটি করে মোট ছয়টি স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দাদের তথ্যমতে, উদ্ধার হওয়া বস্তুগুলোর প্রাথমিক ওজন ২ দশমিক ৭৩৪ কেজি। তবে এতে প্রকৃত স্বর্ণের পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার পর বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ ও প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় মামলা হওয়ায় এবং আলামতের যথাযথতা সংরক্ষণের স্বার্থে উদ্ধার হওয়া বস্তুগুলো অবিকৃত রাখা হয়েছে। পরীক্ষার পরই জব্দ করা স্বর্ণের বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।