ভারতের গ্বালিয়র চিড়িয়াখানায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়া ১৮ বছর বয়সী এক তরুণীকে ২০ দিন পর খুঁজে পেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে তাকে অন্য এক যুবকের মোটরবাইকে চড়ে চলে যেতে দেখা যায়। তবে তরুণীর দাবি, তিনি ওই যুবকের কাছ থেকে লিফট নিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ডট কমের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ অক্টোবর মধ্যপ্রদেশের শিবপুরী জেলার নারওয়ারের বাসিন্দা ২১ বছর বয়সী এক যুবক তাঁর স্ত্রীকে নিয়ে গ্বালিয়র চিড়িয়াখানায় যান। সেখানে স্বামী মোটরবাইক পার্ক করতে গেলে স্ত্রীকে প্রবেশপথের কাছে অপেক্ষা করতে বলেন। ফিরে এসে তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে সিসিটিভি ফুটেজে স্ত্রীকে অন্য এক যুবকের বাইকের পেছনে বসে চলে যেতে দেখা যায়। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেন স্বামী। ফুটেজ দেখে ওই যুবককে আরমান খান হিসেবে শনাক্ত করে তিনি দাবি করেন, তাঁর স্ত্রীর সঙ্গে আরমানের প্রেমের সম্পর্ক ছিল।
তবে তরুণীকে উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, তিনি প্রাপ্তবয়স্ক। তাঁকে জোর করে নিয়ে যাওয়া না হলে নিজের ইচ্ছায় যেকোনো জায়গায় যাওয়ার অধিকার তাঁর রয়েছে। তরুণী অবশ্য দাবি করেছেন, ফুটেজে দেখা যুবকের কাছ থেকে তিনি শুধু লিফট নিয়েছিলেন।
গ্বালিয়রের চিফ সুপারিনটেনডেন্ট অব পুলিশ (সিএসপি) রবিন জৈন জানান, তরুণীকে খুঁজে পাওয়া গেছে। তাঁর জবানবন্দি আদালতে রেকর্ড করা হবে। সেখানে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্য যুবকের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।








