ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরের ছয় বছর বয়সী এক শিশু মাত্র ২৬০ টাকার লটারির টিকিট কিনে প্রায় ৬৫ লাখ টাকা দামের টয়োটা ফরচুনার গাড়ি জিতেছে। অবিশ্বাস্য এই জয়ে আনন্দে আত্মহারা শিশুটির পরিবার।
শিশুটির নাম মেদাংশ রাইকওয়ার। সে শীলামপুরার বাসিন্দা। আভাপুরির শ্রী সরকার ধামে আয়োজিত একটি লটারিতে প্রথম পুরস্কার হিসেবে গাড়িটি জিতেছে সে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে একটি গারবা অনুষ্ঠানে গিয়ে মেদাংশের দাদি কিরণ রাইকওয়ার ২৬০ টাকার একটি লটারির টিকিট কিনেছিলেন। ওই টিকিটে তিনি নিজের নাতির নাম লিখেছিলেন। তখন তিনি কল্পনাও করেননি, সামান্য এই টিকিটই পরিবারের জন্য এত বড় চমক নিয়ে আসবে।
২০২৬ সালে লটারির ফল ঘোষণা করা হলে প্রথম পুরস্কারের জন্য মেদাংশের নাম ওঠে। এতে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
এ জয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়েও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা ঢাকঢোল বাজিয়ে শিশুটিকে স্বাগত জানান। গাড়ি পাওয়ার পর পরিবারের সদস্যরা পূজা করেন এবং আশীর্বাদ কামনায় প্রার্থনা করেন।
নিজেদের একটি গাড়ি কেনার স্বপ্ন পূরণের অপেক্ষায় থাকা পরিবারটির জন্য এই জয় স্মরণীয় ঘটনায় পরিণত হয়েছে। মাত্র ২৬০ টাকার লটারির টিকিট থেকে এত দামি গাড়ি পাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বিস্ময় প্রকাশের পাশাপাশি শিশুটিকে অভিনন্দন জানিয়েছেন।






