পটুয়ালীর কলাপাড়ায় চারটি পাহাড়ি বন্য বানরসহ চার বাজিকরকে আটক করেছেন এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। পরে বন বিভাগের সহযোগিতায় বানরগুলো উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে কলাপাড়া শহরের ব্রিজসংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়। এ সময় বন বিভাগের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের মিরসরাই এলাকার মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। উদ্ধার করা বানরগুলোর প্রতিটির বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর।

জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন। পরে ভবিষ্যতে আর বন্যপ্রাণী সংরক্ষণ করবেন না মর্মে মুচলেকা দেওয়ায় বন বিভাগ তাঁদের ছেড়ে দেয়।

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ চার বাজিকরকে আটক করা হয়েছে। বন বিভাগের সহযোগিতায় বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী, লাইসেন্স ছাড়া বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।