কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পোশাকশ্রমিকের পরিচয়ে আন্দোলনে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, শ্রমিকদের এই আন্দোলনে আগে থেকেই উসকানি দিয়ে আসছিল জামায়াত ও এনসিপি।

রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।

পোস্টে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছেন। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, আন্দোলনে আগে থেকেই উসকানি দিয়ে আসছিল জামায়াত ও এনসিপি।

রাশেদ খানের আরও অভিযোগ, মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ বক্স ভাঙচুর করেছেন পোশাকশ্রমিক পরিচয় দেওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পোস্টে এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন রাশেদ খান। এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বিরোধী দল ও পতিত শক্তির মধ্যে ঐক্যের একটি উদাহরণ হলো সারজিস আলমের ওই পোস্ট। জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

সারজিস আলমের ওই পোস্টে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা যায়।