র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ, যুব ঋণের চেক বিতরণ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে রোববার বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে চারজন সফল উদ্যোক্তার মধ্যে মোট ৬ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

কলাপাড়া উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের প্রকল্প ব্যবস্থাপক মো. সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, যুবকরাই দেশের শক্তি। তাঁদের যথাযথ প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে প্রশিক্ষিত যুবসমাজ তৈরি করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক কর্মক্ষম যুবক দেশের বড় সম্পদ। এই জনশক্তিকে কাজে লাগাতে পারলে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। যুবকদের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।