পাবনা সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার একটি বিলের ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন ওই বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা বিলের একটি পলিথিনের টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং চারজন আহত হন।

আহতরা বেশ কিছুক্ষণ টঙ ঘরের ভেতরে পড়ে ছিলেন। পরে সন্ধ্যার দিকে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা পলিথিনের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা কিশোর ও তরুণ। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায়। পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে।