সরকারি দপ্তরে প্রবেশ করতে অনুমতি নেওয়া কিংবা দরজার বাইরে জুতা খুলে রাখার প্রচলিত ধারণা বদলাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। তাঁর কার্যালয়ের দরজায় টাঙানো হয়েছে একটি বার্তা 'অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউএনওর কার্যালয়ের প্রবেশপথে নেমপ্লেটের পাশে এ বার্তাটি দেখা যায়। এতে সেবাপ্রত্যাশীদের জানানো হয়েছে, তাঁর কক্ষে প্রবেশের জন্য আলাদা অনুমতি নেওয়া বা জুতা খুলে রাখার প্রয়োজন নেই।
উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানো এবং নাগরিকদের সহজে সেবা পাওয়ার সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, অনেক সময় সাধারণ মানুষ সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে পারেন না। এতে কেউ কেউ দালালের শরণাপন্ন হয়ে ভোগান্তিতে পড়েন। এমন উদ্যোগ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা বাড়াতে পারে।
শওকত আলী নামের আরেক বাসিন্দা বলেন, সরকারি অফিসে শৃঙ্খলা ও সৌজন্য বজায় রেখেই সাধারণ মানুষের প্রবেশ সহজ করা প্রয়োজন। বরুড়ার ইউএনওর উদ্যোগটি সময়োপযোগী ও প্রশংসনীয়।
ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ ছাড়াই তাঁদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই এ বার্তা দেওয়া হয়েছে। তাঁর কক্ষে আসতে আলাদা অনুমতি বা জুতা খোলার প্রয়োজন নেই। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা।









