আওয়ামী লীগের ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে পথসভা করছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ শহরের কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা গোপালগঞ্জে লংমার্চ ও পথসভা করেছিলেন। তবে সেখানে তারা কর্মসূচি ভালোভাবে পালন করতে পারেননি এবং পরে সেনাবাহিনীর নিরাপত্তায় ঢাকায় ফিরতে হয়েছে। জামায়াতের নেতারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না বলে দাবি করলেও আওয়ামী লীগের ভয়ে গোপালগঞ্জে পথসভা না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতের নেতাদের নীতি-নৈতিকতা থাকলে গোপালগঞ্জে একটি পথসভা করে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। আগামী শনিবার খুলনা বিভাগের মানুষ জামায়াতকে ‘লাল কার্ড’ দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ অন্য বিভাগগুলোর তুলনায় খুলনায় দুর্বল হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের কথিত গোপন বৈঠকের প্রসঙ্গেও কথা বলেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, ওই বৈঠকের তথ্য রাষ্ট্রের কাছে রয়েছে। ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নিয়ে জামায়াত ভারতের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।