বাংলালিংকের জনপ্রিয় MyBL অ্যাপের পরিচয় বদলে গেছে। নতুন নাম, নতুন লোগো এবং সম্পূর্ণ নতুন ইন্টারফেস নিয়ে ‘মুক্ত’ নামে যাত্রা শুরু করেছে অ্যাপটি। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে ব্যবহারকারীরা অ্যাপটিতে এই পরিবর্তন দেখতে পাচ্ছেন। নাম পরিবর্তনের পাশাপাশি অ্যাপটির আইকন ও অভ্যন্তরীণ নকশাতেও আনা হয়েছে বড় পরিবর্তন।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) একটি রহস্যময় টিজার প্রকাশ করে নতুন পরিবর্তনের আভাস দিয়েছিল বাংলালিংক। টিজারটিতে MyBL অ্যাপের পরিচিত লোগোর ওপর থেকে আবরণ হালকা সরে গিয়ে নতুন পরিচয় উন্মোচিত হওয়ার ইঙ্গিত দেওয়া হয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড পরিচয় নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলালিংক সেই রহস্যের অবসান ঘটিয়ে আরেকটি ভিডিও প্রকাশ করে সামনে এলো MyBL-এর নতুন নাম ‘মুক্ত’।

নতুন সংস্করণে শুধু নাম ও লোগো পরিবর্তনেই সীমাবদ্ধ থাকেনি বাংলালিংক। অ্যাপটির ব্যবহারকারী ইন্টারফেসেও পরিবর্তন আনা হয়েছে। ফলে এতদিনের পরিচিত MyBL এখন নতুন পরিচয়ে ব্যবহারকারীদের সামনে হাজির হয়েছে।

উল্লেখ্য, এটি বাংলালিংকের সাম্প্রতিক ব্র্যান্ড রূপান্তরেরই আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিছুদিন আগেই নিজেদের মূল করপোরেট লোগো ও ব্র্যান্ড পরিচয়ে পরিবর্তন এনেছিল প্রতিষ্ঠানটি। এবার গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম MyBL-কেও নতুন পরিচয়ে সাজাল তারা।

এদিকে, কোম্পানিটির সাম্প্রতিক ব্র্যান্ড রূপান্তর এবং স্টারলিংকের সঙ্গে অংশীদারত্বের প্রেক্ষাপটে ‘মুক্ত’ নামে নতুন অ্যাপের যাত্রাকে আরও বিস্তৃত ডিজিটাল সেবা প্রদানের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বাংলালিংক জানিয়েছিল, প্রচলিত টেলিকম সেবার গণ্ডি পেরিয়ে একটি ডিজিটাল-ফার্স্ট প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। পাশাপাশি গ্রাহকদের কাছে শুধু মোবাইল নেটওয়ার্কের সেবা পৌঁছে দেওয়ার পরিবর্তে তাঁদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আরও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।