স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দাবি আদায় না হলে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলেছেন। তাদের কাছ থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ পেয়েছেন। এসব সমস্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দেশ পরিচালনার পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিএনপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তুলে দলটির মধ্যে ‘নব্য স্বৈরাচারের উত্থান’ হচ্ছে বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।
দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বর মাসে পতিত স্বৈরাচারের দেশে ফেরার আলোচনা রয়েছে। তার দাবি, সীমান্ত হত্যা, হিন্দু সম্প্রদায়কে ঘিরে ষড়যন্ত্র এবং পাহাড়ে অস্থিরতা তৈরির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।









