জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন সহযোগী সংগঠন ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা মহিউদ্দিন রনি।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন জোবাইরুল হাসান আরিফ।

সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়।

দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়া মহিউদ্দিন রনি ২০২২ সালে রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন করে ব্যাপক পরিচিতি পান। ওই বছরের ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। ঈদুল আজহার আগে শুরু হওয়া তাঁর টানা অবস্থান কর্মসূচি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

পরে ২৫ জুলাই রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চার ঘণ্টার বৈঠক হয়। সেখানে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর আন্দোলন স্থগিত করেন রনি। গত এপ্রিলে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।