হিমালয়ের কাছাকাছি উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। দিনের বেলায় রোদে উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আবহাওয়া। হালকা কুয়াশার পাশাপাশি বইছে হিমেল বাতাস। এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কমেছে।
মঙ্গলবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
অন্যদিকে, সোমবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে আকাশে মেঘ না থাকায় হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে জেলার তাপমাত্রা কমছে। শীতের আগমনী অনুভূত হচ্ছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বৃষ্টির প্রভাব কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।







