কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন একটি স্থানে নলকূপ বসানোর জন্য মাটি খোঁড়ার সময় আগুন দেখা যায়। সকাল ১০টা পর্যন্ত ওই স্থানে আগুন জ্বলছিল।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে এসেছেন। তখনো আগুন জ্বলছিল। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের কাছেই একটি পাঁচ তারকা হোটেলে কাজ করেন স্থানীয় যুবক আলামিন। তিনি জানান, আগুনের উৎপত্তিস্থলের পাশের একটি ঘরে তাঁরা কয়েকজন হোটেলকর্মী থাকেন। হঠাৎ আগুন দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
এদিকে আগুন বৈদ্যুতিক খুঁটির তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য জানিয়েছে।
মাটির নিচ থেকে আগুন বের হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।








