সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকির কারণে দেশটিতে কর্মরত জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন মার্কিন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।
গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রথম এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ধারাবাহিকতায় আবারও নিরাপত্তা সতর্কতা জারি করল দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমোদন নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশটির বিমানবন্দরগুলো লক্ষ্য করে নতুন করে হামলা হতে পারে। এ ছাড়া আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।
এসব ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং ভ্রমণসংক্রান্ত পরিস্থিতির পরিবর্তন সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।








