কাজাখস্তানে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন আগামী বছরের ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য তারিখ নির্ধারণ করে পঞ্জিকা অনুমোদন করেছে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, রমজান শেষে ৯ মার্চ, মঙ্গলবার পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। কাজাখস্তানে ঈদুল ফিতর ‘ওরাজা আইত’ নামে পরিচিত। এ ছাড়া পবিত্র শবে কদর পালিত হতে পারে ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে।

ঈদুল আজহা ও অন্যান্য ধর্মীয় দিবস

কাজাখস্তানে ২০২৭ সালের ১৬ মে, রোববার পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দেশটিতে ঈদুল আজহা ‘কুরবান আইত’ নামে পরিচিত। এ উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব পালিত হয়। ঈদুল আজহার আগের দিন, ১৫ মে, শনিবার পবিত্র আরাফার দিবস পালিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া রমজানের আগে ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ পালিত হতে পারে ১৪ ও ১৫ আগস্ট।

তারিখ পরিবর্তনের সম্ভাবনা

কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, হিজরি মাসগুলোর শুরুর তারিখ নির্ধারণে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়েছে।

তবে ইসলামি মাসের সূচনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ঘোষিত তারিখগুলো সম্ভাব্য হিসেবে বিবেচিত হচ্ছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান, ঈদসহ বিভিন্ন ধর্মীয় দিবসের তারিখ এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে।