সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান শহরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কারণে জরুরি সতর্কতা জারি করার পর তা দ্রুত প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সতর্ক করে। সম্ভাব্য ঝুঁকির কারণে সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার এবং প্রয়োজনীয় সুরক্ষা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

নাজরান শহরে সতর্কবার্তা জারির প্রায় আট মিনিটের মাথায় তা প্রত্যাহার করা হয়। পরে আভা শহর থেকেও একইভাবে সতর্কতা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

তবে ঠিক কী কারণে এই নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল, সে বিষয়ে প্রাথমিক সতর্কবার্তায় বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা-ও নিশ্চিত করা হয়নি।

প্রতিবেশী ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের বৈরিতার কারণে দেশটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে আসছে। অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এসব হামলা প্রতিহত করার খবর দিয়েছে।