মুক্তিযুদ্ধের বিরোধিতার অবস্থান থেকে জামায়াতে ইসলামী এখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে হলে দলটিকে এই ঐতিহাসিক দায়ের মুখোমুখি হতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য জামায়াতে ইসলামী কখনো আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা চায়নি বলেও দাবি করেন তিনি।
আবু হানিফ আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম অনুকূল সময় পার করছে। সর্বশেষ জাতীয় নির্বাচনেও দলটি আগের তুলনায় ভালো ফল করেছে। তবে বিভিন্ন সময়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের তুলনা করা হচ্ছে। কখনো কখনো ২০২৪ সালের ঘটনাকে ১৯৭১ সালের চেয়েও বড় করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তার প্রশ্ন, এই তুলনার আড়ালে ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ভূমিকার দায় আড়াল করার চেষ্টা চলছে কি না।
সম্প্রতি পিরোজপুরে একজন মুক্তিযোদ্ধার মরদেহ দাফনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনারও সমালোচনা করেন আবু হানিফ। তিনি ঘটনাটিকে নিন্দনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা এবং গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর কিছু কর্মকাণ্ড দলটির মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
আবু হানিফের মতে, জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে এখনো মুক্তিযুদ্ধের বিরোধিতার অবস্থান থেকে সরে আসার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।








