বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

টঙ্গী নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে দিশাকে গ্রেপ্তার করা হয়। একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সার্বক্ষণিক সঙ্গী ও জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। এ ঘটনায় দিশাকে গ্রেপ্তারের পর তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।