চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এ কর্মসূচি চালানো হয়। অটোরিকশাটিতে ছাত্রলীগের ব্যানারও লাগানো ছিল।

ছড়িয়ে পড়া ২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা মাইকে আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হচ্ছে। মাইকিং কর্মসূচির আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’ উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, মাইকিংয়ের বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে জানাবেন।