অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন। মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত দিনে আসামিপক্ষের আইনজীবী অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি। তিনি ডেঙ্গু ও কিডনি রোগে আক্রান্ত হওয়ায় আসামিপক্ষ সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলার অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি এবং মেয়ে শাফিয়া তাসনিম খান।
মামলাটি আগে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বিচারাধীন ছিল। পরে মহানগর দায়রা জজ আদালত মামলাটি বিশেষ জজ আদালত-৫-এ স্থানান্তর করেন। শুনানির সময় কারাগারে থাকা আসামি শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়।
দুদক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে। পরে তদন্ত শেষে তাঁর পরিবারের তিন সদস্যসহ মোট চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান একজন সরকারি কর্মকর্তা হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার সম্পদ অর্জন করেছেন।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। দুদকের অভিযোগ, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে এসব অর্থ রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।









