যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্র্যাটিক পার্টির প্রতীক গাধা আর রিপাবলিকান পার্টির প্রতীক হাতি। নির্বাচনী প্রচার, রাজনৈতিক কার্টুন, পোস্টার কিংবা দলীয় প্রচারণায় প্রায়ই দেখা যায় এই দুই প্রাণীর ছবি। তবে মজার বিষয় হলো, দল দুটি শুরুতে নিজেদের প্রতীক হিসেবে এসব প্রাণী বেছে নেয়নি। বরং রাজনৈতিক ব্যঙ্গচিত্রের মধ্য দিয়েই ধীরে ধীরে গাধা ও হাতি দুই দলের পরিচিত প্রতীকে পরিণত হয়েছে।

এই দুই প্রতীকের জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন কার্টুনশিল্পী থমাস নাস্ট। উনিশ শতকে তাঁর আঁকা রাজনৈতিক ব্যঙ্গচিত্রগুলো মার্কিন রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল। বিশেষ করে ১৮৭০-এর দশকে তাঁর আঁকা কার্টুন গাধা ও হাতিকে দুই দলের সঙ্গে পরিচিত করে তোলে।

ডেমোক্র্যাটদের গাধা প্রতীকের ইতিহাস

ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে গাধার সম্পর্কের শুরু ১৮২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে। ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ড্রু জ্যাকসনের বিরোধীরা তাঁকে ‘জ্যাকঅ্যাস’ বলে বিদ্রূপ করতেন। ইংরেজিতে শব্দটির অর্থ গাধা। জ্যাকসনকে একগুঁয়ে ও নির্বোধ হিসেবে উপস্থাপন করতেই অপমানসূচক শব্দটি ব্যবহার করা হয়েছিল।

তবে বিরোধীদের সেই বিদ্রূপকে দুর্বলতা হিসেবে না দেখে নিজের প্রচারণায় কাজে লাগান জ্যাকসন। নির্বাচনী পোস্টারেও গাধার ছবি ব্যবহার করেন তিনি। পরে জ্যাকসনের রাজনৈতিক অনুসারীদের সঙ্গে প্রাণীটির সম্পর্ক আরও দৃঢ় হয়।

১৮৭০ সালে থমাস নাস্ট তাঁর রাজনৈতিক কার্টুনে ডেমোক্র্যাটদের বোঝাতে গাধার ছবি ব্যবহার করেন। তাঁর ব্যঙ্গচিত্রে প্রাণীটি প্রায়ই দলটির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরত। তবে সময়ের সঙ্গে ডেমোক্র্যাটরাও গাধাকে নিজেদের পরিচিত প্রতীক হিসেবে গ্রহণ করে।

রিপাবলিকানদের প্রতীক হলো হাতি যেভাবে

রিপাবলিকান পার্টির প্রতীক হাতির জনপ্রিয়তার পেছনেও রয়েছেন থমাস নাস্ট। ১৮৭৪ সালে তাঁর ‘দ্য থার্ড-টার্ম প্যানিক’ শিরোনামের একটি কার্টুনে হাতির ছবি ব্যবহার করা হয়। সেখানে হাতিটির গায়ে লেখা ছিল ‘দ্য রিপাবলিকান ভোট’।

কার্টুনটিতে তৎকালীন প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্রান্টের সম্ভাব্য তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছিল। হাতিটিকে বিপদের কিনারায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখানো হয়। পরে নাস্ট তাঁর আরও কয়েকটি কার্টুনে রিপাবলিকানদের বোঝাতে হাতির ছবি ব্যবহার করেন। ধীরে ধীরে অন্য কার্টুনশিল্পীরাও এই প্রতীক অনুসরণ করেন।

তবে হাতির সঙ্গে রিপাবলিকানদের সম্পর্কের আরেকটি ব্যাখ্যাও রয়েছে। মার্কিন গৃহযুদ্ধের সময় ‘সিইং দ্য এলিফ্যান্ট’ কথাটি যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের অর্থে ব্যবহৃত হতো। এই প্রচলিত শব্দবন্ধও রিপাবলিকানদের সঙ্গে হাতির প্রতীকের সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়।

রাজনৈতিক পরিচয়

থমাস নাস্টের কার্টুনে গাধা ও হাতি—কোনোটিকেই খুব ইতিবাচক বৈশিষ্ট্যে উপস্থাপন করা হয়নি। গাধাকে একগুঁয়ে ও নির্বোধ এবং হাতিকে ভারী, অস্থির ও সহজে বিভ্রান্ত হয় এমন প্রাণী হিসেবে দেখানো হয়েছে। অথচ সময়ের সঙ্গে দুই দলই এসব প্রতীককে নিজেদের রাজনৈতিক পরিচয়ের অংশ করে নিয়েছে।

বর্তমানে রিপাবলিকান পার্টি হাতিকে তাদের প্রতীক হিসেবে ব্যবহার করে। অন্যদিকে, ডেমোক্র্যাটিক পার্টি গাধাকে আনুষ্ঠানিক দলীয় প্রতীক ঘোষণা না করলেও নির্বাচনী প্রচার ও রাজনৈতিক সংস্কৃতিতে এটি তাদের বহুল পরিচিত প্রতীক।