ঘন কুয়াশার কারণে রেড অ্যালার্ট জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির দক্ষিণাঞ্চলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। পাশাপাশি কিছু এলাকায় ইয়েলো অ্যালার্টও দেওয়া হয়েছে।
কুয়াশার কারণে সড়কে চলাচলের সময় গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবুধাবি পুলিশ। এ ছাড়া সড়কের ইলেকট্রনিক সাইনবোর্ডে প্রদর্শিত পরিবর্তিত গতিসীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, দেশটির আবহাওয়া সাধারণত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাত ও পরদিন সকালে উপকূলীয় এবং দেশের অভ্যন্তরীণ কিছু এলাকায় আর্দ্রতা বাড়তে পারে। এ সময় কুয়াশা বা হালকা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
দেশজুড়ে তাপমাত্রা ১৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আবুধাবিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি, দুবাইয়ে ২৭ ডিগ্রি এবং রাস আল খাইমায় ২৩ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
এ ছাড়া দক্ষিণ-পূর্ব দিক থেকে হালকা থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হতে পারে। পরে বাতাসের দিক পরিবর্তিত হয়ে উত্তর-পশ্চিমমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার থাকতে পারে। তবে দমকা হাওয়ায় তা ঘণ্টায় ৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
অন্যদিকে, আরব উপসাগর ও ওমান সাগরের পানি সামান্য উত্তাল থাকতে পারে।







