মোঃ ইকরামুল ইসলাম : সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি ও কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ সোমবার (৯ নভেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম চালু থাকবে। দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচলও স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোলের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তাঁরা চিঠি দিয়ে জানিয়েছেন। তবে যাত্রী পারাপার ও বন্দর-কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি আগেই বেনাপোলের ব্যবসায়ীদের জানানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ভারত থেকে আসা ও ভারতে যাওয়া যাত্রীরা নিয়মিতভাবে পারাপার করতে পারবেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, সোমবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু থাকবে। আমদানি করা পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত পাঠাতে চেকপোস্টের কার্গো শাখা খোলা থাকবে।
বেনাপোল বন্দরে প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০টি পণ্যবাহী ট্রাক আসে। বাংলাদেশ থেকে ভারতে যায় প্রায় ১০০ ট্রাক পণ্য। শিল্পকারখানার কাঁচামাল, খাদ্যদ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ বিভিন্ন পণ্য এ পথে আমদানি করা হয়। বাংলাদেশ থেকে রপ্তানি হয় পাট ও পাটজাত পণ্য এবং মাছসহ বিভিন্ন পণ্য।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলে দুই দেশের বন্দরে পণ্যবাহী ট্রাক আটকে থাকে। বিশেষ করে শিল্পকারখানার কাঁচামাল ও পচনশীল পণ্য নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তির আশঙ্কা থাকে।
এর আগে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। পরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেও বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল দিয়ে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন। বন্দর ও যাত্রী চলাচল থেকে সরকার প্রতিদিন উল্লেখযোগ্য রাজস্ব পায়।









