কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় দুই দেশের কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। পারস্পরিক সুবিধাজনক সময়ে নতুন করে সংলাপের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায় ভারত।

জয়সওয়াল জানান, দুই দেশ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় যোগাযোগ অব্যাহত রেখেছে। বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপের তারিখ দুই দেশের পারস্পরিক সুবিধা বিবেচনা করে নির্ধারণ করা হবে। ওই সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিদ্যমান ব্যবস্থার আওতায় কারিগরি পর্যায়সহ বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।

এদিকে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। ওই বক্তব্যের পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

তবে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের আয়োজনে ভারতের কোনো ভূমিকা ছিল না এবং তার বক্তব্যকে ভারত সমর্থন করে না বলে জানিয়েছিল নয়াদিল্লি।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।