জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal)-এর মাধ্যমে আবেদন জমা দেওয়ার সুযোগ মিলবে।

নতুন ব্যবস্থায় দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া যাবে। পাশাপাশি ভিএফএস গ্লোবালের মাধ্যমে নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে। আবেদনকারীরা ডিজিটাল পোর্টালে আবেদনের অগ্রগতিও জানতে পারবেন।

দূতাবাসের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ ও প্রয়োজনীয় নথি যাচাইয়ের কাজ সম্পন্ন হবে। এতে অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষা কমবে বলে আশা করা হচ্ছে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকবে।

পুরোনো অপেক্ষমাণ আবেদনকারীদের নতুন করে আবেদন

নতুন পোর্টাল চালুর সঙ্গে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকা বাতিল হবে। ফলে যারা আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের নতুন পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবার আবেদন জমা দিতে হবে।

দূতাবাসের মতে, পরিবর্তনের কারণে সাময়িক অসুবিধা হলেও নতুন পদ্ধতিতে আবেদনপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল হবে। তবে আবেদনভেদে প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

যেভাবে আবেদন করবেন

জার্মানিতে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন পোর্টালে নিবন্ধন করে আবেদন করতে পারবেন।

  • আবেদনের ওয়েবসাইট: digital.diplo.de
  • প্রয়োজনীয় নথিপত্র ও বিস্তারিত নির্দেশনা পোর্টাল এবং জার্মান দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, জার্মানিতে উচ্চশিক্ষার প্রায় ৩০০টি প্রতিষ্ঠান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৮২টি বিশ্ববিদ্যালয়, ১৩৬টি অ্যাপ্লায়েড বিশ্ববিদ্যালয় এবং সংগীত ও চারুকলাবিষয়ক ৪৬টি কলেজের কথা বলা হয়েছে। দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে ১২ শতাংশ বিদেশি। গত ১৫ বছরে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।