দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার সকাল ১০টা থেকে। সেই সমন্বিত দামেই আজ দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

এর আগে টানা সাত দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সর্বশেষ দফায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

আজ কোন ক্যারেটের স্বর্ণের দাম কত?

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম হলো—

  • ২২ ক্যারেট: ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা
  • ২১ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। তাই ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা ও ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।