বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (Upazila-Driven Youth Opportunity for Growth) কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন ও নতুন ব্যবসা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিটি ব্যাংক পিএলসি। এ কর্মসূচির প্রচার, বাস্তবায়ন ও কার্যক্রম ত্বরান্বিত করতে মুন্সীগঞ্জে সচেতনতামূলক সভা ও অংশীজনদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ব্যাংকটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক শেখ আবদুল কুদ্দুস।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য, যোগ্যতা, অর্থায়ন সুবিধা ও আবেদনপ্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পক্ষ থেকে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ও ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় চালু এ কর্মসূচির লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ তৈরি করা।

কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণের অংশটি বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় আসবে।

অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা, প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারসংযোগের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলায় উপজেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে। উপজেলাগুলো হলো আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁ, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদর। পাশাপাশি গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক।

লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়, আবেদন একীভূত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং যোগ্য উদ্যোক্তা চিহ্নিত করতে সহায়তা করবে।

আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত উপজেলাগুলোর যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন। অর্থায়নকারী ব্যাংক নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ায় আবেদন যাচাই করে অনুমোদিত ঋণ ও সমপরিমাণ অনুদান ৫০:৫০ অনুপাতে একসঙ্গে বিতরণ করবে। অর্থায়নের পর ব্যবসার অগ্রগতি, অর্থের ব্যবহার ও ঋণ পরিশোধ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন। এ সুবিধার মাধ্যমে কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নপ্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করছে ব্যাংকটি।

তরুণ উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এ উদ্যোগে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সিটি ব্যাংক।