হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস হল এলাকার গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন সিআইআইডির কর্মকর্তারা। এ সময় সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে নজরদারিতে নেওয়া হয়।
ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একই সঙ্গে তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যান করা হয়। শরীরে কোনো অবৈধ পণ্য লুকানো আছে কি না, তা নিশ্চিত হতে তাকে স্ক্যান করা হলে একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন।
পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর কাছ থেকে স্কচটেপে মোড়ানো কয়েকটি ধাতব বস্তু উদ্ধার করা হয়।
কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে দেখা যায়, সেগুলো স্বর্ণের বার। উদ্ধার করা ১৮টি বারের প্রতিটির ওজন ১১৭ গ্রাম।








