রাজধানীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহমেদ জানান, রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে, থাইল্যান্ডের ব্যাংকক হয়ে তিনি মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবি কর্মকর্তাদের দাবি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ।








