পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা ও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শালঘর মহল্লার রফিকের বাড়ির পাশে পুকুরপাড়ে বাঁধা একটি ছাগলকে কামড়াতে শুরু করে শিয়ালটি। পরে সেটি লোকালয়ে ঢুকে বিভিন্ন বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে সামনে থাকা মানুষকে তাড়া করে কামড়াতে থাকে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শালঘর মহল্লায় শিয়ালের কামড়ে আহত হন জুবাইদা (৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (৭), শাহিদা (৫০) ও সোনিয়া (১৪)। পরে সাতবিলা এলাকায় সিনহা (৩), লাকি (৩০), বায়জিদ (৬), রেহেনা (৪২) ও সামসুর (২২) শিয়ালের আক্রমণের শিকার হন। পরে স্থানীয়রা একজোট হয়ে একটি ঝোপের মধ্যে শিয়ালটিকে ঘিরে ফেলেন এবং সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পিটিয়ে মেরে ফেলেন। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভ্যাকসিন দেওয়া হয়েছে।