জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করে তাকে শুভেচ্ছা জানান।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় বাংলাদেশের পক্ষে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে তিনি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। নাগরিকদের ক্ষমতাহীন রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
ভাষণে তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়েই দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।










