জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও মহানগর—উভয় ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়বে। আগের ভাড়া অনুযায়ী দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। পরে বৈঠকে জনস্বার্থের কথা বিবেচনায় ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

citytouch 728-X-90

গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার পর বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার নতুন করে ভাড়া সমন্বয়ের ফলে দূরপাল্লার পাশাপাশি নগর পরিবহনেও যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হবে।

দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে আসনসংখ্যা ও বিভিন্ন সেতু-সড়কের টোলের কারণে প্রকৃত ভাড়া নির্ধারিত হারের চেয়ে বেশি হতে পারে। নতুন ভাড়া কার্যকর হওয়ার পর বিভিন্ন রুটে নির্দিষ্ট ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।