ফরিদপুরের সালথায় স্থানীয় একটি সভায় সমর্থকদের ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ বলার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লার বিরুদ্ধে। সম্প্রতি উজিরপুর বাজারে আয়োজিত একটি সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে চেয়ারম্যানকে ওই বক্তব্য দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। তবে রফিকুল ইসলাম রফিক মোল্লা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি এমন কোনো বক্তব্য দেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এডিট করা। নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
চেয়ারম্যান বলেন, তাঁর দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি পুলিশের সহায়তা নিচ্ছেন। এলাকার শান্তি বজায় রাখতে তিনি কাজ করছেন বলেও দাবি করেন তিনি।
সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। চেয়ারম্যান সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।
সালথার ইউএনও দবির উদ্দিন জানান, ভিডিওটি দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজন হলে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা করা হবে।










