বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনয়ের পাশাপাশি ২০১৭ সালে নিজের আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’ প্রকাশ করে তীব্র বিতর্কে জড়ান। বইটিতে সহ-অভিনেত্রী নিহারিকা সিংয়ের সঙ্গে সম্পর্ক ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।

বইয়ে ‘মিস লাভলি’ সিনেমার সহশিল্পী নিহারিকা সিংয়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা লিখেছিলেন নওয়াজউদ্দিন। তাদের সম্পর্ক প্রায় দেড় বছর স্থায়ী হয়েছিল বলেও তিনি দাবি করেন। ব্যক্তিগত সম্পর্কের এমন বিস্তারিত বর্ণনা প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

citytouch 728-X-90

নিহারিকা সিং পরে অভিযোগ করেন, নওয়াজউদ্দিন তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত বিষয় প্রকাশ করেছেন এবং বইয়ে তাদের সম্পর্কের বিষয়ে মনগড়া ও বিকৃত তথ্য দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, তাদের সম্পর্কের সময় নওয়াজ তার বৈবাহিক অবস্থার বিষয়টি তার কাছে গোপন করেছিলেন।

বইয়ে নিজের সম্পর্কের ধরন নিয়েও নওয়াজউদ্দিন আত্মসমালোচনামূলক মন্তব্য করেন। এদিকে তার আরেক সাবেক প্রেমিকা সুনীতা রাজওয়ারও বইটিতে ব্যক্তিগত জীবন তুলে ধরার সমালোচনা করেন।

বিতর্কের পর নওয়াজউদ্দিন বইটি বাজার থেকে প্রত্যাহার করে নেন। পরে তিনি দুঃখ প্রকাশ করে জানান, কারও অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না এবং বইয়ে সংশ্লিষ্ট নারীদের নাম উল্লেখ করা উচিত হয়নি।