মাসুদ রানা মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর পৌর শহরের তাঁতীপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, গুলি ও নগদ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স টিম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাঁতীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন—তাঁতীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৪৮) ও তার ছেলে আমানুল্লাহ (২৬)।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ জানান, পিতা-পুত্র মাদক নিয়ে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ১ কেজি ৮১৩ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম গাঁজার বীজ ও ৬৪ গ্রাম ভাং পাতা জব্দ করা হয়।
এ ছাড়া অভিযানে ৫ রাউন্ড গুলি এবং মাদক বিক্রির টাকা হিসেবে ৯ লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান খান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক রাশেদ আহমেদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










