যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নির্মাণকাজের সময় দুর্ঘটনাবশত ফাইবার অপটিক লাইন কেটে যাওয়ায় বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এতে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তারা জানান, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টা নাগাদ নিউইয়র্কের নেওয়ার্ক বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট বাতিল ও ৯৭টি বিলম্বিত হয়। ফিলাডেলফিয়া বিমানবন্দরে বাতিল হয়েছে ৬৩টি এবং বিলম্বিত হয়েছে ১৮৯টি ফ্লাইট।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, লাগার্ডিয়া ও ফিলাডেলফিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলেও নেওয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন-অবতরণ বন্ধ রাখা হয়।
ডাফি জানান, নিউ জার্সিতে অ্যামট্র্যাকের একটি নির্মাণকারী দল দুর্ঘটনাবশত ফাইবার অপটিক লাইন কেটে ফেলায় টেলিযোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) উত্তর-পূর্বাঞ্চলে ফ্লাইট চলাচল স্থগিত করে।
এফএএর প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, প্রাথমিক টেলিকম লাইনে ত্রুটির পর দেখা যায় ব্যাকআপ ফাইবার লাইনটিও নির্মাণকাজের সময় কেটে গেছে। প্রাথমিক যোগাযোগ ব্যবস্থা দ্রুত সচল করার আশা থাকলেও ব্যাকআপ লাইন মেরামতে প্রায় ১৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।










