পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর চলমান ‘সুপার লং মার্চ’ সাময়িক স্থগিতের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার জামায়াত আমির হাফেজ নাঈমুর রহমানের সঙ্গে ফোনে কথা বলে এ অনুরোধ জানান তিনি।
জামায়াতের মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ পাকিস্তানে ফিরে আসা পর্যন্ত ইসলামাবাদ অভিমুখী মার্চ স্থগিত রাখার অনুরোধ করেছেন। পাশাপাশি দেশে ফিরে পেট্রোলিয়াম লেভি নিয়ে জামায়াতের সঙ্গে অর্থবহ আলোচনায় বসার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।
জবাবে হাফেজ নাঈম বলেন, জামায়াত সরকারের সঙ্গে সংঘাত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চায় না। তবে সাধারণ মানুষের উদ্বেগ তুলে ধরতেই তাদের এই আন্দোলন এবং প্রতিবাদের অধিকার সরকারকে সম্মান করতে হবে বলে জানান তিনি।মার্চ স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ শূরার সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান জামায়াত আমির। তিনি বলেন, সরকারের অনুরোধে মার্চ স্থগিত হলেও প্রতিবাদের অধিকার থেকে সরে আসবে না দলটি।
এর আগে রোববার করাচি থেকে ট্রেনে ইসলামাবাদমুখী এই কর্মসূচি শুরু করে জামায়াত। পেট্রোলিয়াম লেভি প্রত্যাহারকে প্রধান দাবি করে শুরু হওয়া কর্মসূচির ট্রেন মিছিল সোমবার মুলতান পৌঁছায়। এরপর সড়কপথে লাহোর হয়ে ইসলামাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল দলটির।










