পড়তে বা লিখতে জানেন না। অথচ শুধু শুনে শুনে ৭১ বছর বয়সে পুরো কোরআন হিফজ করেছেন মিশরের মনুফিয়া প্রদেশের মিত শাহালা গ্রামের নারী সুকরা সুলাইমা।

মিশরীয় সংবাদমাধ্যম কায়রো২৪-কে দেওয়া সাক্ষাৎকারে সুকরা জানান, ৫০ বছর বয়সে কোরআন মুখস্থের যাত্রা শুরু করেন তিনি। শুরুতে প্রতিদিন মাত্র দুই আয়াত মুখস্থ করতেন। এরপর সারা দিন সেগুলো বারবার শুনে ও আওড়ে মনে গেঁথে নিতেন।

citytouch 728-X-90

রেডিওতে কোরআন তিলাওয়াত শোনা এবং কোরআন শেখার আসরে অংশ নেওয়াও তার হিফজের অন্যতম মাধ্যম ছিল। দীর্ঘ এই যাত্রার পাশাপাশি তিনি সামলেছেন পারিবারিক দায়িত্বও।

স্বামী মারা যাওয়ার সময় সুকরার ১৬ পারা কোরআন মুখস্থ হয়েছিল। স্বামীর মৃত্যুর পরও থেমে থাকেননি তিনি। ধীরে ধীরে বাকি অংশ মুখস্থ করে সম্পন্ন করেন পুরো কোরআন হিফজ।

সম্প্রতি ‘ইয়াওমুস সারদিল কোরআনি’ নামে কোরআন উপস্থাপনের একটি আয়োজনে অংশ নিয়ে পুরো কোরআন শুনিয়েছেন সুকরা। বর্তমানে তিনি প্রতিদিন পাঁচ পারা করে পুনরাবৃত্তি করেন এবং নিয়মিত মুরাজাআতের মাধ্যমে সপ্তাহে একবার পুরো কোরআন শেষ করেন বলে জানান।

সুকরার এই ঘটনা নিয়ে মিশরের বিভিন্ন সংবাদমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিসরীয় সংবাদমাধ্যম মাসরাওয়িও মিত শাহালা গ্রামের প্রবীণ নারীদের কোরআন হিফজের এমন কয়েকটি ঘটনা নিয়ে প্রতিবেদন করেছে।