নিখোঁজের একদিন পর কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম।

অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

citytouch 728-X-90

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

নিখোঁজের পর থেকেই অপ্রতিমকে উদ্ধারে স্বজনদের পাশাপাশি পুলিশ তৎপরতা শুরু করে। তার সর্বশেষ অবস্থান শনাক্তের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছিল।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম দুরবীন নিউজকে জানান, দক্ষিণ মোড়ের দক্ষিণ দিকের একটি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।