জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং ও সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, নিউইয়র্ক সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনে দুই সরকারপ্রধানের বৈঠক হওয়ার কথা। সরকারি তথ্য অনুযায়ী, বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

citytouch 728-X-90

একই দিন বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবার ভাষণ দেবেন তারেক রহমান। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে তার বক্তব্য দেওয়ার সময় নির্ধারিত রয়েছে।

এর আগে সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বগত সংকট মোকাবিলাবিষয়ক একটি উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন তিনি। পরে মাতৃ ও নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারি অন্তর্ভুক্তির বিষয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও বৈঠকের সূচি রয়েছে। সফরের অংশ হিসেবে কুয়েতের ক্রাউন প্রিন্সসহ আরও কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠকের কথাও জানিয়েছে সরকারি সূত্র।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকের পর ওই রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।