ভোজ্যতেলসহ নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে এবার প্যাকেটজাত তরল দুধের দামও লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

প্রতিষ্ঠানগুলোর দাবি, পশুখাদ্য, দুধ সংগ্রহ, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন খাতে খরচ বেড়েছে। বাড়তি উৎপাদন ব্যয় সমন্বয় করতেই দুধের দাম বাড়ানো হয়েছে।

citytouch 728-X-90

বাজারে বর্তমানে মিল্কভিটার এক লিটার প্যাকেটজাত দুধ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত মাসে এর দাম ১০ টাকা বাড়ানো হয়। একই সময়ে আধা লিটারের দাম ৫ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে।

এদিকে ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত দুধ ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এসব ব্র্যান্ডের এক লিটারের প্যাকেটের দাম ১১০ থেকে ১১৫ টাকা

দুধের দাম বাড়ায় অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। তাদের মতে, দৈনন্দিন পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় দাম বাড়লে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের নিয়মিত দুধ কেনার ওপর চাপ পড়ে।

খুচরা বিক্রেতারাও বলছেন, দাম বাড়ার পর তরল দুধের বিক্রি কমেছে। তাদের দাবি, প্রায় সব ব্র্যান্ডের দুধের দাম একসঙ্গে বাড়ায় বাজারে এর প্রভাব পড়েছে।