সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। বর্তমানে ডিজেল ১৩৫, পেট্রোল ১৬০, অকটেন ১৬৫ এবং কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে।

বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর জ্বালানি তেলের দাম তুলনা করলে দেশভেদে বেশ পার্থক্য দেখা যায়। কর-শুল্ক, মুদ্রার বিনিময় হার, আমদানি ও পরিবহন ব্যয় এবং সরকারি মূল্য নির্ধারণের নীতির কারণে এই পার্থক্য তৈরি হয়।

citytouch 728-X-90

ভারতে কত?

ভারতে জ্বালানি তেলের দাম রাজ্য ও শহরভেদে আলাদা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১১৩ দশমিক ৫১ ভারতীয় রুপি এবং ডিজেল ৯৯ দশমিক ৮২ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আনুমানিক ১৪৫ ও ১২৮ টাকা।

অর্থাৎ কলকাতায় পেট্রোল ও ডিজেল—দুই ধরনের জ্বালানির দামই বাংলাদেশের বর্তমান দামের তুলনায় কম।

মিয়ানমারে কত?

মিয়ানমারের রাজধানী নেপিডোতে সর্বশেষ সরকারি রেফারেন্স দামে প্রতি লিটার অকটেন ৩ হাজার ৯৩০ কিয়াত এবং ডিজেল ৪ হাজার ২৫৫ কিয়াত। বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য যথাক্রমে ২৩০ ও ২৪৯ টাকা।

এই হিসাবে মিয়ানমারে উভয় ধরনের জ্বালানির দামই বাংলাদেশের তুলনায় বেশি।

নেপালে কত?

নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ২০০ নেপালি রুপি। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ১৬২ টাকা।

তবে পরিবহন ব্যয়ের পার্থক্যের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের দামে কিছুটা তারতম্য রয়েছে।

ভুটানে কত?

ভুটানে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৯ দশমিক ০৫ ভারতীয় রুপি এবং ডিজেল ১০৪ দশমিক ৩৮ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য ১২৭ ও ১৩৪ টাকা।

অর্থাৎ ভুটানে পেট্রোলের দাম বাংলাদেশের তুলনায় কম হলেও ডিজেলের দাম বাংলাদেশের বর্তমান দামের কাছাকাছি।

পাকিস্তানে কত?

পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ৩৮৯ দশমিক ১৪ পাকিস্তানি রুপি এবং হাই-স্পিড ডিজেল ৪২৪ দশমিক ০৪ রুপি। বাংলাদেশি মুদ্রায় এগুলোর আনুমানিক মূল্য ১৭২ ও ১৮৮ টাকা।

অর্থাৎ পাকিস্তানে পেট্রোল ও ডিজেল—দুই ধরনের জ্বালানির দামই বাংলাদেশের বর্তমান দামের চেয়ে বেশি।

কেন দেশভেদে দামের এত পার্থক্য?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম জ্বালানির চূড়ান্ত মূল্যের একটি অংশ মাত্র। কর-শুল্ক, বিনিময় হার, আমদানি ও পরিবহন ব্যয় এবং সরকারের মূল্য নির্ধারণের নীতি ভোক্তা পর্যায়ের দামে বড় প্রভাব ফেলে।

তাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একই হলেও বিভিন্ন দেশে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক নাও হতে পারে।

সূত্র: এনডিটিভি, বার্মা নিউজ, জিও নিউজ, অর্থকেন্দ্রা।