জ্বালানি তেলের দাম বাড়ানো মানেই শুধু পাম্পে গিয়ে বেশি টাকা দিয়ে তেল কেনা নয়। এর প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পরিবহন, কৃষি, পণ্য পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় বাজারে। ফলে লিটারে ২০ টাকা মূল্যবৃদ্ধির চাপ শেষ পর্যন্ত বহন করতে হয় সাধারণ ভোক্তাকেই।
মাত্র কয়েক মাসের ব্যবধানে দেশে আবারও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দামে ডিজেল ১৩৫, কেরোসিন ১৫৫, পেট্রোল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা। সরকারের যুক্তি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধি, বিপিসির বড় ধরনের লোকসান এবং জ্বালানি পাচারের ঝুঁকি মোকাবিলায় এই মূল্য সমন্বয় প্রয়োজন হয়েছে।
সরকারের এই যুক্তিগুলো অর্থনৈতিক বাস্তবতার অংশ। কিন্তু প্রশ্ন হলো, এই সমন্বয়ের পুরো চাপ কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে? কারণ জ্বালানি তেলের দাম বাড়া মানে শুধু গাড়ির জ্বালানি খরচ বাড়া নয়; এর সঙ্গে বাড়ে পরিবহন, কৃষি, শিল্প ও পণ্য পরিবহনের ব্যয়। আর সেই বাড়তি খরচের প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।
ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব কৃষিতেও সরাসরি পড়তে পারে। সেচ পাম্প থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহন সব ক্ষেত্রেই জ্বালানি ব্যয় গুরুত্বপূর্ণ। ফলে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়লে তার চাপ শেষ পর্যন্ত ভোক্তার বাজারেই ফিরে আসে। মূল্যস্ফীতির চাপের মধ্যে থাকা নিম্ন ও মধ্যআয়ের মানুষের জন্য এটি বাড়তি বোঝা।
এর মধ্যে আরও একটি বিষয় বিশেষভাবে আলোচনার দাবি রাখে। দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর দিনই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পরিস্থিতি প্রত্যাশার তুলনায় ভালো থাকায় সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ও ডব্লিউটিআই দুই ধরনের অপরিশোধিত তেলের দামই কমেছে।
অবশ্যই আন্তর্জাতিক বাজারের এক দিনের ওঠানামার ভিত্তিতে দেশের খুচরা জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয় না। আমদানি ব্যয়, আগের সময়ের আন্তর্জাতিক মূল্য, পরিবহন ব্যয়, কর-শুল্ক, মজুত এবং বিপিসির আর্থিক হিসাব সবকিছুই এখানে বিবেচ্য। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমার সুফল দেশের ভোক্তারা কখন এবং কীভাবে পাবেন, সেই প্রশ্নেরও পরিষ্কার উত্তর থাকা প্রয়োজন।
দাম বাড়ানোর সময় যদি আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি যুক্তি হিসেবে সামনে আসে, তাহলে দাম কমার সময়ও তার সুফল ভোক্তার কাছে পৌঁছানোর স্বচ্ছ ও পূর্বনির্ধারিত ব্যবস্থা থাকা জরুরি। এতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে মানুষের বিভ্রান্তি কমবে এবং সরকারি সিদ্ধান্তের প্রতি আস্থাও বাড়তে পারে।
জ্বালানি খাতে সরকারের লোকসান কমানো, পাচার ঠেকানো কিংবা আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় সবই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে দেখতে হবে, মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর কতটা চাপ তৈরি হচ্ছে এবং তা কমাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়। তাই দাম বাড়ানোর পাশাপাশি ভোক্তার ওপর এর প্রভাব কমানো, বাজারে নজরদারি বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার সুফল দ্রুত দেশের বাজারে পৌঁছে দেওয়ার কার্যকর কাঠামো নিশ্চিত করাও জরুরি।










