বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার মধ্যে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমেছে। এর আগে গত সপ্তাহেও স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ ডলারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের নীতির পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এসব বিষয় স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্যের পর তেলের দাম কমতে শুরু করে। যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কিছুটা কমেছে।

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। সাধারণত সুদের হার কমার প্রত্যাশা স্বর্ণের বাজারের জন্য ইতিবাচক। কারণ স্বর্ণে বিনিয়োগ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না।

এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নিয়ে বাজারে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৯ শতাংশ দেখছেন বাজারসংশ্লিষ্টরা। কর্মসংস্থানসংক্রান্ত তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্ট হয়েছে।