দেশে নতুন ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান উদ্যোগ সম্প্রসারণে ৫ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় ইতোমধ্যে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে ১ হাজার ৪১৬ কোটি টাকা বিতরণ করা হয়েছে। ঋণগ্রহীতাদের ৮৭ শতাংশই নারী।
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় ১০১টি সহযোগী সংস্থার মাধ্যমে ঋণ বিতরণ চলছে।
গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম ধাপে ১ হাজার ২৫০ কোটি টাকা পায় পিকেএসএফ।
দেশের ৬৪টি জেলায় চারটি উপখাতে এ ঋণ বিতরণ করা হচ্ছে। খাতগুলো হলো প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন। এসব খাতে নতুন উদ্যোক্তা তৈরি, বিদ্যমান ক্ষুদ্র উদ্যোগের সম্প্রসারণ এবং উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রমে অর্থায়ন করা হচ্ছে।
কর্মসূচিটির অন্যতম উদ্দেশ্য হলো গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন উদ্যোক্তা তৈরি, নারী ও তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। পাশাপাশি কৃষিভিত্তিক ও অকৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগের বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া ক্ষুদ্র উদ্যোগের সঙ্গে যুক্ত সরবরাহব্যবস্থা, উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এসব লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের অনুকূলে মোট ৫ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। ইতোমধ্যে তিন ধাপে ৩ হাজার ৭৫০ কোটি টাকা ছাড় করা হয়েছে। অবশিষ্ট অর্থ আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। পুরো অর্থ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উদ্যোক্তা পর্যায়ে বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ঋণ বিতরণে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখতে ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম তদারকি করা হচ্ছে। মাঠপর্যায়ে সদস্যভিত্তিক ঋণ বিতরণ এবং কর্মসংস্থান-সংক্রান্ত তথ্য প্রতিদিন সংগ্রহ, সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।









